সিলেট বিভাগে হামের প্রকোপের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ৫৬৪ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জন হাসপাতালে ভর্তি হলেও এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত দৈনিক হামের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৫ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন রোগী ভর্তি রয়েছেন।
সিলেট বিভাগের অন্যান্য হাসপাতালের মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচজন সন্দেহভাজন হামের রোগী চিকিৎসা নিচ্ছেন। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন রয়েছেন। রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চারজন নতুন করে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, কোম্পানীগঞ্জে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।
দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত রোগীও শনাক্ত হয়নি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৪ জন। জেলা অনুযায়ী এ সংখ্যা সিলেটে ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক তথ্য বলছে, এ পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে সিলেটে ৬৩, হবিগঞ্জে ১৯, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে চার জেলায় মৃত্যুর সংখ্যা যথাক্রমে চার, চার, এক ও এক জন।
সব মিলিয়ে সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত রোগীদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে।
আজকের সিলেট/ জেকেএস









