গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, সেনাবাহিনীর মাধ্যমে ধ্বংস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ PM

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, সেনাবাহিনীর মাধ্যমে ধ্বংস

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৬:৪৩:২৪ PM

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, সেনাবাহিনীর মাধ্যমে ধ্বংস


সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। রোববার দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় সিলেট সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা নিয়ন্ত্রিতভাবে মর্টার শেলটি ধ্বংস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নয়াগাঙেরপাড় এলাকায় খেলতে গিয়ে কয়েকজন শিশু মর্টার শেলটি দেখতে পায়। পরে স্থানীয় কয়েকজন যুবক সেটি আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। তবে এতে তারা সফল হননি।

বিষয়টি জানার পর তারা গোয়াইনঘাট থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটির আশপাশ থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এরপর সেটি পাহারায় সেখানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

মর্টার শেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশের পক্ষ থেকে আবেদন করা হলে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে যায়। বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের এটিও ক্যাপ্টেন মনিরার নেতৃত্বে ইউনিটের সদস্যরা পরে মর্টার শেলটি ধ্বংস করেন।

এ সময় গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার তানভীর ফয়েজসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, মর্টার শেলটি উদ্ধারের পর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছিল। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সিলেটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেটি ধ্বংস করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর