ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল সিলেটের জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ PM

ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল সিলেটের জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০৬:৪৬:২২ PM

ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল সিলেটের জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক


সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে নাচের ভিডিও ছড়িয়ে আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার ২০২৬ সালের জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।

বিউটি রানী পাল ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে তাঁকে বাছাই করা হয়েছে। এর আগে ২০২৩ সালেও জেলা পর্যায়ে বাছাই করা গুণী শিক্ষকদের তালিকায় তাঁর নাম ছিল।

সম্প্রতি ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে তাঁর নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ সময় শিক্ষক, লেখক ও সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি অংশ তাঁর পাশে দাঁড়িয়ে ব্যক্তিস্বাধীনতা ও সৃজনশীল কর্মকাণ্ডের পক্ষে মত দেন।

তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার বিষয়টি বিবেচনায় নিয়ে বিউটি রানী পালকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়নি। দীর্ঘদিনের শিক্ষকতা, বিদ্যালয় পরিচালনা এবং শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে তাঁর অবদানকে মূল্যায়নের ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার বিষয়টি নয়, দীর্ঘদিনের শিক্ষকতা ও বিদ্যালয়ে তাঁর অবদানের বিষয়টি বিবেচনায় নিয়েই তাঁকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে।’

তিনি বলেন, বিউটি রানী পালের পাঠদান পদ্ধতি, বিদ্যালয় পরিচালনা, শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততা এবং সহশিক্ষা কার্যক্রমে ভূমিকার মতো বিষয়গুলো মূল্যায়ন করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের জন্য নির্ধারিত বিভিন্ন সূচকের ভিত্তিতে শিক্ষকদের কার্যক্রম মূল্যায়ন করা হয়। উপজেলা পর্যায়ে বাছাইয়ের পর জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়ে থাকে।

পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা বিউটি রানী পালের এই স্বীকৃতির খবর প্রকাশের পর তাঁর শিক্ষকতা ও বিদ্যালয় পরিচালনায় ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর