গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন রিমন আহমদ (২২) নামে এক যুবক। নিহত রিমন রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশা চালক। এ ঘটনার পর হত্যাকারী সাদিক আহমদ পালিয়েছে।
শুক্রবার রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচা মজির উদ্দিন ও রিমন আহমদের পরিবারের মধ্যে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এই টাকা নিয়ে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রিমন আহমদের চাচা মজির উদ্দিনের ছেলে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের হত্যাকাণ্ডের বিষয়টি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা হয়নি। আসামি ধরতে পুলিশি অভিযান চলছে।
আজকের সিলেট/ডি/এসটি
গোলাপগঞ্জ প্রতিনিধি 








