ওসমানীনগরে মহাসড়কের পাশে পড়ে থাকা মোটরসাইকেল আরোহীর লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। তামাবিল হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি সিলেট শহরের সাঘরদিঘীর পাড় এলাকার আব্দুস সালামের ছেলে রুহুল আমিন (৩০)। রবিবার সকালে তিনি সিলেট থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে গাছের সাথে ধাক্কা খায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা দুপুরের দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিকাপন সিলমানপুর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত মোটরসাইকেল এবং লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশের পাশে পাওয়া একটি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করে। মোটরসাইকেলটি (নম্বর সিলেট মোট্রো-ল-১২-২১৫৪) এবং তার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
তামাবিল হাইওয়ে পুলিশের এস.আই মনিরুল ইসলাম চৌধুরী বলেন, লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজকের সিলেট/ডি/এপি
ওসমানীনগর প্রতিনিধি 








