বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে ছাত্রজনতা মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
রোববার দুপুরে লাউয়াছড়া প্রবেশ ফটকের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পর্যটকদের প্রবেশ টিকেটের মূল্য কমানো, আয়-ব্যয়ের হিসাব দেওয়াসহ বিভিন্ন দাবি জানান ছাত্র-জনতা।
মানববন্ধনে বক্তারা বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ দীর্ঘ ১৭ বছর ধরে তার দুই ভাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুলকে লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে রেখে লুটপাট করেছেন।
আওয়ামী লীগের আমল থেকে এই পর্যন্ত লাউয়াছড়ার আয়ের টাকার কোন হিসেব দেননি। অচিরেই এই সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে হবে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটি ভেঙ্গে হিসাব বিবরণী সাধারণ মানুষের সম্মুখে তুলে না ধরলে আরও কঠোর আন্দোলন করবে এ এলাকার ছাত্র-জনতা।
এসময় কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, ব্যবসায়ী আরমান হোসেন দুলন, কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমেদ, লাউয়াছড়া ইকো ট্যুর গাইড মো. আহাদ মিয়া, ছাত্র সমন্বয়ক মো. মিলাদ আলী প্রমুখ।
আজকের সিলেট/ডি/এপি









