জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৮ AM

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ১০:২৩:৪৭ AM

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের


দাপুটে ফুটবলে বিশ্বকাপ ফুটবল অভিযান শুরু করেছে ইংল্যান্ড। নতুন কোচ টমাস টুখেলের অধীনে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে থ্রি লায়নরা। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলের সঙ্গে জুড বেলিংহ্যাম ও মার্কাস র‍্যাশফোর্ডের গোল বড় জয় এনে দেয় ইংলিশদের।

বুধবার ডালাসে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেইন। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ক্রোয়েশিয়া। মার্তিন বাতুরিনার গোলে দ্রুতই সমতায় ফেরে তারা।

এরপর আবারও ইংল্যান্ডকে লিড এনে দেন কেইন। কিন্তু বিরতির আগে পেতার মুসা গোল করলে প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইংল্যান্ড। ম্যাচের ৫৮তম মিনিটে জুড বেলিংহ্যাম গোল করে দলকে তৃতীয়বারের মতো এগিয়ে দেন। এরপর শেষদিকে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন মার্কাস র‍্যাশফোর্ড। তার গোলেই ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

ম্যাচের জোড়া গোলের মাধ্যমে একটি বিশেষ মাইলফলকও স্পর্শ করেছেন হ্যারি কেইন। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ডে তিনি স্পর্শ করেছেন কিংবদন্তি গ্যারি লিনেকারকে। ফলে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে শীর্ষে রয়েছেন এই দুই স্ট্রাইকার।

নতুন কোচ টমাস টুখেলের জন্য জয়টি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ, আক্রমণভাগের ধার এবং মাঝমাঠের আধিপত্যে ক্রোয়েশিয়াকে ছাপিয়ে যায় ইংল্যান্ড। দুইবার সমতায় ফিরেও শেষ পর্যন্ত ইংলিশদের আক্রমণের তোড়ে হার মানতে হয় ক্রোয়াটদের। এই জয়ে ‘এল’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড। অন্যদিকে প্রথম ম্যাচেই হারে বিশ্বকাপ মিশন শুরু করল ক্রোয়েশিয়া।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর