সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর জন্য চার সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
গত মঙ্গলবার (৩০ জুন) শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাতক উপজেলার কালারুকা গ্রামের বাসিন্দা ও সাবেক ছাত্রনেতা মো. গোলাম মাহমুদ আজম। শিক্ষক প্রতিনিধি হিসেবে সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত হয়েছেন শাহীন আহমেদ এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক মনোনীত হয়েছেন সানাউর রহমান। এছাড়া পদাধিকারবলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪ ধারার আলোকে এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত অ্যাডহক কমিটি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম তদারকির পাশাপাশি বিধি অনুযায়ী পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
আজকের সিলেট/এপি









