মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:১৭ PM

মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৯:৩৪:২৭ AM

মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব


ফুটবল বিশ্বকাপের মঞ্চে রেকর্ডবুক ওলটপালট করা যেন নিয়মিত অভ্যাসে পরিণত করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ ফুটবল ২০২৬ শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করে এক রাতেই গড়েছেন একাধিক ইতিহাস। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে নিজের অবস্থান আরও শক্ত করেছেন, পাশাপাশি টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েছেন।

শনিবার অনুষ্ঠিত ম্যাচে কেপ ভার্দের জালে বল পাঠিয়ে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২০-এ উন্নীত করেন মেসি। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা আটটি ম্যাচে গোল করার রেকর্ডও নিজের করে নেন আর্জেন্টিনার এই তারকা।

মেসির এই ধারাবাহিকতা শুরু হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলো পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ থেকে। এরপর নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষেও গোল করেন তিনি। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়া, জর্ডান এবং সর্বশেষ কেপ ভার্দের বিপক্ষেও গোল করে টানা আট ম্যাচে গোলের অনন্য নজির স্থাপন করেন।

শুধু তাই নয়, কেপ ভার্দের বিপক্ষে গোল করে আরেকটি বয়সভিত্তিক রেকর্ডও ভেঙেছেন মেসি। ৩৯ বছর ৯ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বেশি বয়সী দক্ষিণ আমেরিকান ফুটবলার এখন তিনি। এতদিন এই রেকর্ড ছিল উরুগুয়ের কিংবদন্তি ওবদুলিও ভারেলার দখলে। ১৯৫৪ বিশ্বকাপে ৩৬ বছর বয়সে তিনি এই কীর্তি গড়েছিলেন।

চলতি বিশ্বকাপে এটি মেসির সপ্তম গোল। ফলে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে রয়েছেন তিনি। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় বর্তমানে তার গোলসংখ্যা ২০। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের গোল ১৮টি এবং তৃতীয় স্থানে থাকা জার্মানির মিরোস্লাভ ক্লোসের গোল ১৬টি।

বিশ্বকাপের ইতিহাসে একের পর এক রেকর্ড নিজের নামে লিখিয়ে নেওয়া মেসি আবারও প্রমাণ করলেন, বয়স তার জন্য কেবলই একটি সংখ্যা। আর্জেন্টিনাকে শিরোপা ধরে রাখার মিশনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিশ্ব ফুটবলের ইতিহাসেও প্রতিনিয়ত নতুন অধ্যায় যোগ করে চলেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।

মেসির টানা গোল করার যাত্রা শুরু হয়েছিল ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেন তিনি। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়া, জর্ডান এবং সর্বশেষ কেপ ভার্দের বিপক্ষেও গোল করে বিশ্বকাপ ইতিহাসে বিরল এই কীর্তি গড়লেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকা
১. লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ২০ গোল (৩০ ম্যাচ)
২. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) — ১৮ গোল (১৮ ম্যাচ)
৩. মিরোস্লাভ ক্লোসে (জার্মানি) — ১৬ গোল (২৪ ম্যাচ)
৪. রোনালদো নাজারিও (ব্রাজিল) — ১৫ গোল (১৯ ম্যাচ)
৫. গার্ড মুলার (জার্মানি) — ১৪ গোল (১৩ ম্যাচ)
৬. জুস্ত ফন্টেইন (ফ্রান্স) — ১৩ গোল (৬ ম্যাচ)
৭. পেলে (ব্রাজিল) — ১২ গোল (১৪ ম্যাচ)

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর