রেকর্ড সংগ্রহে লঙ্কানদের উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৩ PM

রেকর্ড সংগ্রহে লঙ্কানদের উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ০৮:৪৪:৩৫ AM

রেকর্ড সংগ্রহে লঙ্কানদের উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা


ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বিশ্বকাপের ইতিহাসেই নতুন রেকর্ড গড়ে ইংল্যান্ডের মেয়েরা। তাদের করা ২১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩২ রানেই থামে লঙ্কানদের ইনিংস। তাতেই ৮৭ রানের বড় জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় স্বাগতিক ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে তারা। এটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন রেকর্ড।

ইংল্যান্ডের বিশাল সংগ্রহের ভিত গড়ে দেন ওপেনার ড্যানি ওয়াট-হজ। শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন তিনি। ৬২ বলে অপরাজিত ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার।

অন্য প্রান্তে তাকে দারুণ সঙ্গ দেন অ্যামি জোন্স। তিনি করেন ৫৩ রান। দুজন মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৩৫ রান। এরপর তিন নম্বরে নেমে আরও বিধ্বংসী রূপ নেন অধিনায়ক ন্যাট শিভার-ব্রান্ট। মাত্র ২২ বলে অপরাজিত ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলের স্কোর দুইশ পার করে নিয়ে যান তিনি। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ কয়েক ওভারে দ্রুত রান তোলে ইংল্যান্ড।

২২০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের স্পিন আক্রমণের সামনে কখনোই ম্যাচে ফিরতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে লঙ্কানরা।

বিশেষ করে বাঁহাতি স্পিনার ফ্রেয়া ক্যাম্পের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। তাকে ভালো সঙ্গ দেন চার্লি ডিন ও সোফি একলস্টোন। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন নীলাক্ষিকা সিলভা।

ইংল্যান্ডের হয়ে ফ্রেয়া ক্যাম্প শিকার করেন ৪ উইকেট। চার্লি ডিন ও সোফি একলস্টোন নেন দুটি করে উইকেট। ব্যাটিংয়ে রেকর্ড গড়া আর বোলিংয়ে দাপট দেখিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নিজেদের শিরোপাপ্রত্যাশী হিসেবে জোরালো বার্তা দিয়ে রাখল স্বাগতিক ইংল্যান্ড।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর