সতর্ক ইংলিশ গোলরক্ষক
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৫২ PM

সতর্ক ইংলিশ গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৯:৪১:৪১ AM

সতর্ক ইংলিশ গোলরক্ষক


বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৮টি গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। গোল্ডেন বুটের দৌড়ে কিলিয়ান এমবাপ্পের ঠিক পেছনেই দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ইন্টার মায়ামির এই তারকা টানা ১২টি ম্যাচে গোল বা অ্যাসিস্টের মাধ্যমে সরাসরি অবদান রেখেছেন, যদিও সুইজারল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে তিনি নিজে জালের দেখা পাননি।

অন্যদিকে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে পিটার শিলটনকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন জর্ডান পিকফোর্ড। তিনি আর্জেন্টিনার সামগ্রিক শক্তি নিয়ে সতীর্থদের সতর্ক করেছেন।

পিকফোর্ড বলেন, ‘তিনি (মেসি) তার দীর্ঘ ক্যারিয়ারে প্রচুর গোল করেছেন এবং করিয়েছেন। ছোটবেলা থেকে যাকে টিভিতে দেখেছি, এত বছর পর অবশেষে তার মুখোমুখি হওয়াটা দারুণ এক অনুভূতি। আমরা সবাই জানি মেসি কতটা ভালো খেলোয়াড়, তবে আমাদের এটাও মনে রাখতে হবে যে আর্জেন্টিনা একটি শক্তিশালী দল। তারা কেবল মেসির ওপর নির্ভরশীল নয়। আমাদের তাদের অন্য শক্তিগুলো এবং দুর্বলতার দিকেও নজর দিতে হবে, যার সুযোগ আমরা নিতে পারি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি আর্জেন্টিনার ম্যাচের কিছু অংশ দেখেছি। মেসি যতটা দক্ষ, তাদের দলটি ততটাই পরিশ্রমী। এখন ইংল্যান্ডের মূল কাজ হলো আর্জেন্টিনার বিপক্ষে পূর্ণ প্রস্তুতি নেওয়া এবং আমরা ঠিক সেটিই করছি।’

লিওনেল স্কালোনির শিষ্যরা ১৭ গোল করে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল। এই গোলের ৪৭ শতাংশেই মেসির সরাসরি অবদান রয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের গোলবন্যার ৯২ শতাংশই এসেছে জুড বেলিংহ্যাম এবং হ্যারি কেইনের পা থেকে (উভয়েই ৬টি করে গোল করেছেন)। মার্কাস র‍্যাশফোর্ড এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে গোল করা অন্য একমাত্র ফুটবলার।

তবে পিকফোর্ড জোর দিয়ে বলেন যে, টমাস টুখেলের দলের আসল শক্তি হলো তাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, একতা এবং মানসিক দৃঢ়তা। তিনি বলেন, ‘সবাই মেসিকে নিয়ে কথা বলবে কারণ তিনি সর্বকালের অন্যতম সেরা (GOAT)। কিন্তু আমাদের স্কোয়াডে যে প্রতিভা এবং দক্ষতা রয়েছে, তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। রক্ষণ বা আক্রমণ, সব বিভাগেই আমাদের দারুণ সব খেলোয়াড় রয়েছে।’

ইংল্যান্ড গোলরক্ষক আরও বলেন, ‘রক্ষণ থেকে শুরু করে আক্রমণ পর্যন্ত আমাদের একটি সুন্দর ভারসাম্য এবং দলগত সংহতি আছে, যা বুধবারের ম্যাচে আমাদের মাঠের পারফরম্যান্সে দেখাতে হবে। আমরা শুধু মেসিকে নিয়ে পড়ে থাকতে পারি না। তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং খুবই ভালো দল। কিন্তু আমাদের স্কোয়াডের আক্রমণভাগও বেশ শক্তিশালী এবং আমাদের রক্ষণ ভাঙা মোটেও সহজ নয়। এই লড়াকু মানসিকতা এবং দলগত সংহতিই আমাদের একটি সেরা দলে পরিণত করেছে।’

পিকফোর্ড সতর্ক করে দিয়ে বলেন, ‘আমি সারা জীবন ফুটবল দেখেছি। আমি তাদের অধিকাংশ খেলোয়াড় সম্পর্কে জানি। তারা ব্যক্তিগতভাবে অত্যন্ত দক্ষ এবং দল হিসেবেও চমৎকার। তাই আমাদের সব খেলোয়াড়কে নিয়েই সতর্ক থাকতে হবে।’

এবারের টুর্নামেন্টে মেসি তার নেওয়া দুটি পেনাল্টিই মিস করেছেন। প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে এক সাংবাদিক পিকফোর্ডকে প্রশ্ন করেন: মেসির এই পেনাল্টি খরা কি তাকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে? কিন্তু বার্সেলোনার সাবেক এই মহাতারকা তার ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে ১৪৮টি পেনাল্টির মধ্যে ১১৪টি গোল করার পরিসংখ্যানটি মাথায় রেখে কোনো ধরণের শিথিলতা দেখাতে নারাজ ইংলিশ গোলরক্ষক।

পিকফোর্ড বলেন, ‘আমি জানি না তিনি ক্যারিয়ারে ঠিক কতগুলো পেনাল্টি নিয়েছেন। তবে আমার মনে হয় না পৃথিবীতে এমন কেউ আছেন যিনি নিয়মিত পেনাল্টি নেন এবং তার রেকর্ড শতভাগ নিখুঁত। মেসির মতো খেলোয়াড় এই পরিসংখ্যান নিয়ে মোটেও বিচলিত হবেন না। তিনি স্রেফ নিজের কাজটাই করে যাবেন। আর যদি পেনাল্টির সেই মুহূর্তটি আসে, তবে লড়াইটি হবে সরাসরি আমার আর তার মধ্যে। তখন আমার লক্ষ্য থাকবে বলের লাইনে ঝাঁপিয়ে পড়ে তার পেনাল্টিটি রুখে দেওয়া।’

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর