শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত আরও সহজ করতে প্রথমবারের মতো নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাস যুক্ত করেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি একতলা বাস দিয়ে শুরু হয়েছে এই নতুন সেবা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাস দুটির সেবা উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. জাকারিয়া চৌধুরী অনিক, সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) তৌকির আহামেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, ‘বাস সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার ক্ষেত্রে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের পথও সুগম হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বর্তমানে পাঁচটি শিক্ষাবর্ষে ১৭৩ জন ছাত্র ও ১৯৬ জন ছাত্রী নিয়ে শিক্ষা কার্যক্রম চলছে। বাস দুটি হবিগঞ্জের ধুলিয়াখাল এলাকায় অবস্থিত অস্থায়ী ছাত্রী হল এবং পোদ্দার বাড়ি এলাকায় অবস্থিত অস্থায়ী ছাত্র হল থেকে নির্ধারিত সময়ে নিয়মিতভাবে ক্যাম্পাস ও হবিগঞ্জ শহরের মধ্যে চলাচল করবে।
শুধু দৈনন্দিন যাতায়াত নয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষা সফর ও মাঠপর্যায়ের পরিদর্শনেও বাস দুটি ব্যবহার করা হবে। কর্তৃপক্ষের আশা, এর ফলে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
আজকের সিলেট/ জেকেএস
হবিগঞ্জ প্রতিনিধি 








