সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় উঠে পড়ে একটি কম্পিউটার দোকানের টিনের চালে। সেখান থেকে নামার কোনো পথ না পেয়ে বেশ কিছু সময় আটকে থাকার পর স্থানীয়দের সহযোগিতায় ষাঁড়টিকে নিরাপদে নিচে নামানো হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীতে মো. সরোয়ারের কম্পিউটার দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ষাঁড়টির মালিক দিরাই পৌরসভার বাগবাড়ি এলাকার বাসিন্দা আবুল বশর। সাধারণত ষাঁড়টি বাড়ির আশপাশে মুক্তভাবে ঘোরাফেরা করে এবং ঘাস খায়।
মঙ্গলবার বিকেলে ঘোরাফেরা করতে গিয়ে ষাঁড়টি উপজেলা প্রশাসনের কার্যালয়ের প্রধান ফটকের বিপরীতের একটি বাড়িতে ঢুকে পড়ে। পরে বাড়িটির সিঁড়ি বেয়ে ছাদে ওঠে। সেখান থেকে লাফ দিয়ে পাশের টিনশেড কম্পিউটার দোকানের চালে গিয়ে পড়ে। কিন্তু এরপর আর নিচে নামতে না পেরে সেখানেই আটকা পড়ে।
ষাঁড়টি দোকানের চালে আটকে পড়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় কাঠ ও বাঁশ ব্যবহার করে ষাঁড়টিকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়।
এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে টিনের চালে ষাঁড়টিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন।
ষাঁড়টির মালিক আবুল বশর বলেন, ষাঁড়টি সাধারণত বাড়ির আশপাশেই ঘুরে বেড়ায়। কীভাবে এটি দোকানের টিনের চালে উঠে গেল, তা তিনি বুঝতে পারেননি। তাঁর ধারণা, পথ হারিয়ে পাশের বাড়ির সিঁড়ি দিয়ে উঠে ষাঁড়টি সেখানে আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় কাঠ ও বাঁশ দিয়ে সেটিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।
আজকের সিলেট/ জেকেএস
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








